
ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে গুরুতর আহত অবস্থায় তিন দিন পড়ে থাকার পর এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১৮ অক্টোবর থেকে ঈদগাঁও থানার সামনে ফকিরা বাজার এলাকায় সড়কের পাশে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। বুধবার (২১ অক্টোবর) তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির কপাল ও হাতে আঘাতের চিহ্ন ছিল। ফকিরা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম তাঁকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। পরে তিনি ওই ব্যক্তির মৃত্যুর খবর পান।
সাইফুল ইসলামের ধারণা, কেউ তাঁকে আহত করে সড়কের পাশে ফেলে রেখে যেতে পারে। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখা গেলেও সময়মতো তাঁর চিকিৎসা ও উদ্ধারের ব্যবস্থা করা হয়নি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়।
এ বিষয়ে ফকিরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।
ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল মহাসড়কের পাশে হওয়ায় মরদেহ মালুমঘাট হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর ধারণা, আঘাত পাওয়ার পর ওই ব্যক্তি প্রয়োজনীয় চিকিৎসা পাননি।
তবে ওই ব্যক্তি কীভাবে আহত হয়েছিলেন এবং তাঁর মৃত্যু কী কারণে হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় যাচাইয়ের অপেক্ষা রয়েছে।