
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুরে হোটেল গাইরিংয়ের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
‘Leadership and Management Training for IYB Training Participants’ শীর্ষক এ প্রশিক্ষণ চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের ProGRESS প্রকল্পের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য উদ্যোক্তাদের নেতৃত্ব, পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ পরিচালনা ও ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসা পরিচালনায় অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাবেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবস্থাপনাগত সক্ষমতা উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকেরা।