
বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জমি জবরদখল, জাল দলিল তৈরি ও ব্যবহারের অভিযোগ এবং ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলার মুক্তমঞ্চের সামনে সরই ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাজিরাম ত্রিপুরাসহ কয়েকজনের বিরুদ্ধে সরই ইউনিয়নের বিভিন্ন জমি নিয়ে বিরোধ সৃষ্টি, জবরদখল এবং কথিত জাল দলিল তৈরি ও ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়ছেন বলেও দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট জমির খতিয়ান, দাগ নম্বর, দলিল, নামজারি ও বন্দোবস্তসংক্রান্ত কাগজপত্র যাচাই করা প্রয়োজন।
এ সময় তাঁরা বিরোধপূর্ণ জমির নথিপত্র নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে হাজিরাম ত্রিপুরা বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।