
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে মো. মোফাজ্জল হোসেন মেম্বার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম আজগর আলী।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মাদ্রাসার কার্যালয়ে সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহত্তর মুসলিম ব্লক এলাকার ১৮টি সমাজের ২০ জন সমাজ প্রতিনিধি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রত্যেক ভোটার সভাপতি পদে একটি করে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এম আজগর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন মাদ্রাসার সভাপতি মো. হাবিবউল্লাহ। তাঁকে সহযোগিতা করেন মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ ও সহ-সভাপতি মো. আব্দুর রফিক।
নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. মোফাজ্জল হোসেন মেম্বার ১১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওমর ফারুক মাস্টার পান ৯ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে এম আজগর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি আগের কমিটিতেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. হাবিবউল্লাহ বলেন, “পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করতে পেরে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আশা করছি, নতুন কমিটি আগামী দুই বছর এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে। নির্বাচনে প্রতিটি সমাজের নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।”
এ সময় সাবেক কমিটির নেতৃবৃন্দ, বৃহত্তর মুসলিম ব্লক এলাকার বিভিন্ন সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচনকে ঘিরে বৃহত্তর মুসলিম ব্লক এলাকার সমাজনেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত পরিচালনা কমিটির নেতৃত্বে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষাকার্যক্রম, ব্যবস্থাপনা এবং সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।