
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দুই গ্রুপের সহিংসতার জেরে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থানীয় প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশনের’ ডাকে এই অবরোধ শুরু হয়। এতে বাঘাইহাট-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাজেকে আটকা পড়েন অন্তত ৯ শতাধিক পর্যটক।
পরবর্তীতে বিকেল ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে আগামী ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করে আয়োজকরা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি জানায়, সাজেক এলাকা থেকে জেএসএস সদস্যদের অপসারণ এবং সাধারণ মানুষের ওপর হয়রানি বন্ধসহ ৩ দফা বাস্তবায়নের আশ্বাসে অবরোধ শিথিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বর্তমানে বিশেষ পুলিশ ও সেনা পাহাড়ায় (এসকোর্ট) সাজেকে আটকে পড়া পর্যটকদের ফেরত পাঠানোর কাজ চলছে এবং সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।