
ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২০২৬ সালের ফাজিল চূড়ান্ত বর্ষের ৩৭ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ক্যাপ ও স্টোল পরিয়ে দেওয়া হয় এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষকেরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরবি বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা শফিউল করিম। বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, অধ্যাপক নাজিম উদ্দিন ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী।
বক্তারা বলেন, শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে শিক্ষার্থীরা নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন। মাদ্রাসায় অর্জিত জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ তাঁদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা স্মরণ করেন তাঁরা। সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।