
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের ধুপপানি ঝর্ণা এলাকায় বসবাসকারী ছয়টি অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।
সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন এবং ঘর নির্মাণের মজুরি বাবদ চেকের মাধ্যমে তিন হাজার টাকা করে দেওয়া হয়।
ইউএনও অভি দাশ জানান, ধুপপানি শিশু কানন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ঝর্ণার পাশে বসবাসকারী কয়েকটি দরিদ্র পরিবারের দুরবস্থার কথা জানতে পারেন তিনি। পরে তাঁদের বসতবাড়ির অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো হলো—প্রণয় কুমার তঞ্চঙ্গ্যা, যত্নবাবু তঞ্চঙ্গ্যা, গোলক কুমার তঞ্চঙ্গ্যা, শান্তিপ্রিয় তঞ্চঙ্গ্যা, রাজয় কান্তি তঞ্চঙ্গ্যা ও দেবী তঞ্চঙ্গ্যা।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়।
দুর্গম এলাকার অসহায় পরিবারগুলোর বসতঘর নির্মাণে এ সহায়তা কিছুটা হলেও কাজে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।