
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম ঘিলাছড়ি ইউনিয়নে বন্য শুকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৫৫) নামে এক জুমচাষি নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ভোরে ইউনিয়নের ৩ নম্বর বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে হরিমনি ত্রিপুরা ও তাঁর স্ত্রী ফুলমতি ত্রিপুরা জুমের পাহাড়ে মাড়াই করে রাখা পাকা ধান আনতে বাড়ি থেকে বের হন। পথে একটি বন্য শুকর তাঁদের ওপর আক্রমণ চালায়। এতে হরিমনি ত্রিপুরা গুরুতর আহত হন। তাঁর স্ত্রী দ্রুত গ্রামবাসীদের খবর দেন। তবে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা জানান, বন্য শুকরের আক্রমণে বলিপাড়া এলাকার এক জুমচাষির মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। এলাকাটি দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে খবর পাওয়া কঠিন ছিল। নিহতের পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয় জুমচাষি ও বলিপাড়ার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।