
অংগ্য মারমা, খাগড়াছড়ি।।
উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট উপাচার দান, হাজার প্রদীপ দানসহ নানা ধর্মীয় আচার ও পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়ায় অবস্থিত ধর্মপুর আর্য বনবিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে এসব কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকারা।
ধর্মপুর আর্য বনবিহারে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্য রিপল চাকমা। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির। এ ছাড়া শ্রীমৎ দীপানন্দ স্থবিরসহ অন্যান্য ধর্মীয় গুরু উপাসক-উপাসিকাদের উদ্দেশে ধর্মদেশনা দেন।
প্রবারণা পূর্ণিমার পুণ্যানুষ্ঠানে অংশ নেওয়া উপাসক আকাশী চাকমা বলেন, এ উপলক্ষে তাঁরা বুদ্ধমূর্তি দান, সংঘদানসহ বিভিন্ন ধরনের দান করেন। পাশাপাশি জগতের সব প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন।
ধর্মপুর আর্য বনবিহারের সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান বলেন, ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে বর্ষাবাসের সমাপ্তি ঘটে। এদিন অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে বিভিন্ন বৌদ্ধবিহারে মাসব্যাপী ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।