
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার প্রতিটি বিহারে বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি ও বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সকল বিহার প্রাঙ্গণে মঙ্গল সূত্রপাঠের মাধ্যমে উৎসবের সূচনা ঘটে। বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান এবং ভিক্ষুসংঘের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা সভা। এসব অনুষ্ঠানে বিহারের অধ্যক্ষবৃন্দ উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে পবিত্র ধর্মদেশনা প্রদান করেন।
এদিকে সোমবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলার কেন্দ্রীয় মৈত্রী বিহারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকাশে ফানুস উড়িয়ে এবং হাজারবাতি প্রজ্বলন করে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকত এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৈত্রী বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, বিহার পরিচালনা কমিটির সভাপতি শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা এবং ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সন্ধ্যা নামার সাথে সাথেই কেন্দ্রীয় বিহারসহ উপজেলার প্রতিটি বিহারে যুবসমাজের উদ্যোগে শত শত ফানুস আকাশে ওড়ানো হয়। এই মনোরম দৃশ্য উপভোগ করতে বিহার প্রাঙ্গণগুলোতে শত শত দায়ক-দায়িকা, তরুণ-তরুণী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। উপজেলার প্রতিটি বিহারেই উৎসবকে কেন্দ্র করে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়।