
খাগড়াছড়িতে বলংরায় ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘হান্দুগিরি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় খাগড়াপুরস্থ উইমেন রিসোর্স সেন্টারের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, নাট্যকার ও কবি মৃত্তিকা চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও গবেষক খগেশ্বর ত্রিপুরা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমাসহ বিভিন্ন সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
সাময়িকীর সম্পাদক মুকুল কান্তি ত্রিপুরা স্বাগত বক্তব্যে বলেন, ‘হান্দুগিরি’ একটি ত্রিপুরা ভাষার শব্দ, যার অর্থ ‘তারা’। সমাজের আলোকবর্তিকা মানুষদের স্মরণ ও মাতৃভাষা-ভিত্তিক সাহিত্যচর্চাকে এগিয়ে নিতেই এ প্রকাশনা। তিনি জানান, বলংরায় ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা সাহিত্যের পথপ্রদর্শক ও আধ্যাত্মিক সাধক শ্রীমৎ খুসী কৃষ্ণ ত্রিপুরা (বলংরায় সাধু)-এর স্মৃতি ও আদর্শ ধারণ করে।
১৩৬ পৃষ্ঠার এই সাহিত্য সাময়িকীর প্রথম সংখ্যায় রয়েছে প্রবন্ধ, সাক্ষাৎকার, স্মৃতিকথা, গল্প, গান, কবিতা ও সাংগঠনিক প্রতিবেদনসহ মোট ৯টি বিভাগ। সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন যুগান্তর ত্রিপুরা, খুমুই ত্রিপুরা (খোকনেশ্বর) ও অঞ্জু লাল ত্রিপুরা। প্রচ্ছদ অঙ্কন করেছেন চিত্রশিল্পী পিংকু ত্রিপুরা এবং অলঙ্করণ করেছেন জিকু আসাম। সাময়িকীর শুভেচ্ছামূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন চিংলামং চৌধুরী, শাওন বড়ুয়া পিংকি, অভিধা চাকমা, ক্যজসাই মারমা, বিপুল ত্রিপুরা, চুপান্তি ত্রিপুরা ও সামপিলি ত্রিপুরাসহ অনেকে।
আয়োজকরা জানান, ‘হান্দুগিরি’ সাময়িকীর মাধ্যমে ত্রিপুরা ভাষা ও সাহিত্যের চর্চা, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।