
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মোঃ তুহিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যহাতির আক্রমণে সম্পদের ক্ষতি হওয়া ২০টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ মোট ৫ লাখ টাকা এবং আক্রমণে একজন নিহত হওয়ায় তার পরিবারকে ৩ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা জানান, বন্যহাতি রক্ষার পাশাপাশি মানুষের জানমাল রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। তারা স্থানীয়দের হাতিকে উত্যক্ত না করার জন্য আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, হাতি দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।
রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাবেক যুগ্ম সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, বনবিভাগের কর্মকর্তা মোঃ হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।