
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনার পিস্তল দিয়ে ভয় দেখিয়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় অবস্থিত ভেনটিস মিশন হোস্টেলে এই ঘটনা ঘটে।
নিহত মো. রফিক বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। একই ঘটনায় ১টি স্বর্ণের আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে মোঃ আকাশ (২৪) নামে তার এক সহযোগী পালিয়ে গেছে। পলাতক আকাশ একই ইউনিয়নের শফিপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভেনটিস মিশন হোস্টেলের আবাসিক পরিচালক সুহেল ত্রিপুরার ঘরে প্রবেশ করে রফিক ও আকাশ। তারা পরিচালক সুহেল ত্রিপুরার সহধর্মিণী হেনা ত্রিপুরাকে খেলনার পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা এবং ৩টি স্বর্ণের আংটি লুটে নেয়। এসময় হেনা ত্রিপুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া দিয়ে ২টি স্বর্ণের আংটিসহ রফিককে আটকে ফেলে। তবে অপর সহযোগী আকাশ টাকা ও ১টি আংটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে আটকের পর উত্তেজিত স্থানীয় জনতা রফিককে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রফিককে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে মো. রফিক নামের ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, বাঙ্গালহালিয়াতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে গুরুতর আহত এক যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া চুরি হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারসহ পলাতক আসামি মো. আকাশকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।