
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন জোন কমান্ডারের সহধর্মিণী ফারজানা ইসলাম, ২৭ বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এবং তাঁর সহধর্মিণী নাসরিন রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সাজু আহম্মেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অভিভাবকেরা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জোন কমান্ডারের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন। এতে বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।
আয়োজনের জন্য শিক্ষক ও অভিভাবকেরা মারিশ্যা জোন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।