
বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
কর্মজীবনে মৃত্যুবরণ করা শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বান্দরবানের শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির মৃত্যু ফান্ড থেকে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন এবং জেলা পরিষদের সদস্য নিরুতাজ বেগম।
এ ছাড়া বিভিন্ন মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী এবং মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৃত্যু ফান্ডের তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, সড়ক পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন শ্রমিকের মৃত্যুর ফলে তাঁর পরিবার আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়ে। এ অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো শ্রমিক সংগঠনের একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, দেশের অর্থনীতি ও জনজীবন সচল রাখতে পরিবহন শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং অসহায় শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। তিনি শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এ উদ্যোগের প্রশংসা করেন এবং শ্রমিকদের কল্যাণ ও তাঁদের পরিবারের সুরক্ষায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় অনুদান গ্রহণকারী পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।