
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর বিকেল ৫টার দিকে ডিএমপির আদাবর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাহিল ফিলিং স্টেশনের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এএসআই প্রকাশ ঘোষ সহযোগিতা করেন।
পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর ছগির রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যং বাজার এলাকায় মো. গোল জারের বাগানে কাজের উদ্দেশ্যে যান। পরবর্তী সময়ে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তিনি মোবাইল ফোনে পরিবারের সদস্যদের বাড়ি ফেরার কথা জানান এবং রূপসীপাড়া বাজারে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
পরে রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া থেকে রূপসীপাড়া গামী সড়কের হাতিরঝিরির মাথায় লাল মিয়ার পাহাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের তথ্যমতে, হত্যার পর দুর্বৃত্তরা ছগিরের মোবাইল ফোন নিয়ে যায় এবং তাঁর পরনের লুঙ্গি ও শার্ট দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ফেলে রাখে। পরে ফোনটি কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল এলাকার মোহাম্মদ আলা উদ্দিন (২৬) নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয় বলে তদন্তে জানা গেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আছমা আক্তার বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর লামা থানায় হত্যা মামলা করেন। মামলার এফআইআর নম্বর ২৪। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা এ মামলার জিআর নম্বর ১০৯।
এর আগে গত ১২ অক্টোবর এ মামলায় গ্রেপ্তার হওয়া মো. ইসমাইল হোসেন (১৯) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার উপপরিদর্শক (এসআই) সত্যজিৎ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় রহিমের সঙ্গে মো. ইসমাইল হোসেন (১৯) ও উনোথুই মার্মা ওরফে জাফর (২৫) নামে আরও দুজন জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ জানান, আব্দুর রহিমকে পুলিশি নিরাপত্তায় লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।