
বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অন্য আরও তিন মন্ত্রীর সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন। সরকারি সূত্র মতে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন রাজপথের লড়াকু এ সৈনিক। দীর্ঘ প্রতীক্ষার পর রাজপুত্র জেরী মূল্যায়িত হওয়ায় বান্দরবানসহ পাহাড়ের সর্বত্র আনন্দের বন্যা বয়ে চলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন সাচিং প্রু জেরী। তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৮৬ সালে বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান এবং ১৯৮৯ সালে বান্দরবান স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের ১৫তম বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরীর পুত্র।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। পরবর্তীতে নানা বিতর্কের কারণে তিনি পদত্যাগ করলে দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ মন্ত্রীর পদটি শূন্য ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাচিং প্রু জেরীকে ওই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দেরিতে হলেও প্রত্যাশিত মন্ত্রীত্ব পাচ্ছে বান্দরবানবাসী। এটি অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রী সভায় মন্ত্রী হচ্ছেন। এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আমলে জেরীর পিতা রাজা অংশৈ প্রু চৌধুরী প্রতিমন্ত্রী ছিলেন। ফের মন্ত্রীত্ব পাওয়ায় বান্দরবান জেলায় উন্নয়নের ধারা আরও বেগমান হবে। জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, দীর্ঘ ১৭টি বছর আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক মন্ত্রীত্বের যোগ্য দাবীদার স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী মন্ত্রীত্ব পাচ্ছেন। এটি বিএনপিসহ বান্দরবানবাসীর জন্য অত্যন্ত আনন্দের। দলের সভাপতি ও নতুন মন্ত্রীর কাছে আমারও প্রত্যাশা থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখবেন এবং রাজাপ্রজা ভুলে গিয়ে সব জাতিগোষ্ঠীকে সমান দৃষ্টিভঙ্গির মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। উন্নয়ন থেকে কেউই যেন বঞ্চিত না হয়।