
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম এলাকায় অবস্থিত ১১টি ভোটকেন্দ্রকে ‘হেলিস্টেড ভোটকেন্দ্র’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারের মাধ্যমে আনা–নেওয়া হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম—এই চার উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি দুর্গম ভোটকেন্দ্র হেলিস্টেড হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
হেলিস্টেড ভোটকেন্দ্রগুলো হলো—রোয়াংছড়ি উপজেলায় রোয়াংছড়ি সদর ইউনিয়নের রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রুমা উপজেলায় রেমাক্রী প্রাংশা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
থানচি উপজেলায় রেমাক্রী ইউনিয়নের রদলিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই উপজেলার তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিন্না পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
আলীকদম উপজেলায় কুরুপপাতা ইউনিয়নের কমচঙ ইয়ুংছা মাওরুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান, দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এসব ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পরিবহন করা হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করা যায়।
প্রসঙ্গত, বান্দরবান জেলায় রয়েছে ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন। বান্দরবান-৩০০ আসনে বাঙালিসহ ১২টি নৃগোষ্ঠীর মানুষের বসবাস। জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৬টি।