
রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গুরুভান্তে উপাচার্য খেমাচারা মহাথেরের ১০ম আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) দিনব্যাপী ইউনিয়নের নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভদন্ত খেমাচারা মহাথের বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি বৌদ্ধ শাসনে বিশেষ অবদানের জন্য মায়ানমার সরকার কর্তৃক ‘মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা’ উপাধিতে ভূষিত হয়েছেন।
মতিপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ নাগিন্দ্যা ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত নাইধিয়া থের। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুই খই মারমা, বিশিষ্ট শিক্ষাবিদ থোয়াইচপ্রু মারমা, তিন পার্বত্য জেলার বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ এবং সাংবাদিক।
অনুষ্ঠানে আগত দায়ক-দায়িকাবৃন্দ এবং বিভিন্ন বিহারের অধ্যক্ষগণ গুরুভান্তেকে বিশেষ সম্মাননা ও দানীয় সামগ্রী উৎসর্গ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল বুদ্ধ পূজা, সঙ্ঘদান, অষ্টপরিষ্কার দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা। বক্তারা পূজনীয় খেমাচারা মহাথেরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাঁর মানবহিতৈষী ও ধর্মীয় কাজের প্রশংসা করেন।