
জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা শাখার পুনর্গঠিত কমিটির জরুরি সাধারণ সভায় সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সভায় উপস্থিত নেতারা জনস্বার্থ বিবেচনায় সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে অনৈক্য ও দ্বিধা-বিভাজনের কারণে প্রশাসন ও অন্যান্য পক্ষ সুযোগ নিচ্ছে। প্রকৃত পেশাদার সাংবাদিক কখনো দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেয়েন না, বরং রাষ্ট্রের কল্যাণে তাদের কলম চলে। নেতিবাচক সাংবাদিকতার পরিবর্তে ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিক সমাজ এলাকার মানুষের মধ্যে সমাদৃত ও জনপ্রিয় হয়ে উঠতে পারে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নাম শুনলেই কিছু ক্ষেত্রে বিরক্তি সৃষ্টি হয়। পেশাদারিত্ব এবং হলুদ সাংবাদিকতা পরিহারের মাধ্যমে এ বিরক্তি দূর করা সম্ভব। বর্তমান বাস্তবতা থেকে উত্তরণের জন্য সংবাদ সংস্থার কর্তৃপক্ষকে কর্মরত সাংবাদিকদের রুটি-রুজির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সভাটি ২৪ জানুয়ারি শনিবার বিকাল তিনটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলার সভাপতি মোঃ রেজাউল করিম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এম. ছরওয়ার সিফা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আমির চৌধুরী, সদস্য মোঃ আরিফুল ইসলাম, সদস্য হোসাইন শরীফ প্রমুখ।
সভায় সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পিকনিক, নব নির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে কমিটি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার গুরুত্ব তুলে ধরা হয়।