
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ (মাসুদ) বলেছেন, নির্বাচিত হলে পার্বত্য বান্দরবানের পর্যটন, কৃষি ও শিক্ষা খাতের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে জাতীয় পার্টি বান্দরবান জেলা শাখার আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ওয়ালী উল্লাহ বলেন, পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি পর্যটননির্ভর অর্থনীতি সম্প্রসারণ, কৃষকদের উৎপাদন ও বিপণন সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পরিকল্পিত পর্যটন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বান্দরবানকে একটি আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকদের পাশে থাকার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জাতীয় পার্টির এ প্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক শওকত জামান, সহসভাপতি সেমি আহমদ, সদর উপজেলা সভাপতি বিশ্বিনাথ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।