
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর দুই যুবক দেশে ফিরে এসেছেন।
গত ১৯ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরার খুল এলাকার ৪৬ নম্বর সীমান্ত পিলারের নিকট ফুল ঝাড়ু কাটতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হন মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ শরিফ উদ্দিন (১৭) ও যুবক মোহাম্মদ সায়মন (২৮)।
তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়। নিখোঁজ যুবকদের উদ্ধারের দাবিতে গত ২৭ জানুয়ারি স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করলেও দীর্ঘদিন তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তারা দেশে ফিরে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা।
পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করছেন।
ফিরে আসা মাদ্রাসা শিক্ষার্থী শরিফ উদ্দিন জানান, আটক অবস্থায় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে।
দীর্ঘ ১১ দিন পর স্বজনদের ফিরে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবার-পরিজন ও এলাকাবাসী।