
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। তিনি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, স্থানীয়দের জন্য পুষ্টি পরামর্শ প্রদান, একটি এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং আগামী ২৬ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. রুপন দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে পুষ্টি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।