
দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন ইয়াংছা এলাকার বাসিন্দা সালেহ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটা নির্মাণের উদ্দেশ্যে দুটি এস্কেভেটর ব্যবহার করে প্রায় ১০ একর পাহাড় কেটে ফেলা হয়। একই সঙ্গে পাহাড়ি ঝিরিতে মাটি ফেলে তা ভরাট করারও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় সোমবার (১৮ মে) স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাহাড় কাটার কাজে জড়িত অবস্থায় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ও ১৫(১)(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় কাটার বিষয়ে সোমবার সংবাদ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। তবে ওইদিন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী লামা সফরে থাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, “পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”