
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি ।।
নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সোয়া ১১টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে “খাগড়াছড়ি ধর্ষণবিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোট” এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা ঢাকায় রামিসা এবং পাহাড়ে চিংমা খিয়াংসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এর আগে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থী অরকিত চাকমা, কিরণ চাকমা ও কবিতা চাকমাসহ আরও অনেকে। বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।