
মো: লোকমান হাকিম, রুমা প্রতিনিধি।।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন (৩৬ বীর)।
শুক্রবার (৬ জুন) সকালে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে রাইংখিয়াং পুকুর পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন পাড়ায় শিক্ষা উপকরণ, সৌরবিদ্যুৎ সুবিধা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা কার্যক্রমের আওতায় পুকুর পাড়া, প্রংজং পাড়া, চার্জিং পাড়া, সেপ্রু পাড়া ও সূরাহা পাড়ার শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল একটি গীর্জার জন্য সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য ছাতা, ব্ল্যাকবোর্ড, সাউন্ড সিস্টেম, নিরাপত্তা লাইট এবং জেনারেটর।
সহায়তা পাওয়া স্থানীয় বাসিন্দা সাধু ত্রিপুরা বলেন, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের এলাকায় প্রয়োজনীয় সহায়তা অনেক সময় পৌঁছায় না। সেনাবাহিনীর দেওয়া সোলার সিস্টেম ও শিক্ষা উপকরণ স্থানীয়দের উপকারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। শিক্ষা, বিদ্যুৎ সুবিধা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষা বিস্তার, জীবনমান উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।