
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সোলার প্যানেলচালিত পানির প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে এলাকার শতাধিক পরিবার এবং স্থানীয় চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সুপেয় পানির সুবিধা পাচ্ছেন।
সোমবার (১৫ জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি সদর জোনের বাস্তবায়নে নির্মিত এ প্রকল্পের উদ্বোধন করেন সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাবাসী সুপেয় পানির সংকটে ভুগছিলেন। নিরাপদ পানির নির্ভরযোগ্য উৎস না থাকায় তাদের ছড়া ও ঝিরি থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হতো। নতুন এ প্রকল্প চালুর ফলে বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত হবে বলে আশা করছেন তারা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে জোন কমান্ডার স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রকল্পটি এলাকার দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এটি ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সোলারচালিত এ পানির প্রকল্প তারই একটি অংশ।