
খাগড়াছড়ি প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন ২৮টি পূজামণ্ডপে ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ, পিএসসি এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি খাগড়াছড়ি পৌরসভা এলাকার দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।
বিজিবি সূত্রে জানা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা, সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
বিজিবি জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতায় ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় শারদীয় দুর্গোৎসব হয়ে উঠবে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়।