
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য, জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য ও পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফছার, সদস্যসচিব মো. সেলিম কোম্পানি, জ্যেষ্ঠ শিক্ষক মো. নূরুল ইসলাম এবং আইসিটি শিক্ষক মো. তৌহিদুর রহমান রুবেল।
সভা সঞ্চালনা করেন মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মো. জামাল হোসেন।
সভায় আসন্ন দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের করণীয়, নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি, শৃঙ্খলা এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। সন্তানদের পড়াশোনার নিয়মিত খোঁজখবর নেওয়া, বাড়িতে উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি।
সভায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।