
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
সরকারের নির্দেশনা বাস্তবায়নে এবং যুবসমাজকে ক্রীড়ামোদী করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া ক্লাবের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। ক্লাবটির খেলোয়াড় ও সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী তুলে দেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে ইউএনও ইউছুফ হাসান বলেন, “যুবসমাজ হলো আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে মানসিক ও শারীরিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। নিজেদেরকে মাদক থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। তাহলেই ভবিষ্যত আলোকিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রাজু আহমেদসহ আমতলী পাড়া ক্লাবের স্থানীয় খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।