
রাঙ্গামাটি প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার সকালে রাঙামাটি বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরনবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, পৌর যুবদল সভাপতি সিরাজুল মোস্তফা ও সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছরের ন্যায় ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তারা যেভাবে গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর তাণ্ডব চালাচ্ছে। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। তাই কোনো প্রতিশোধ নিচ্ছে না। আমাদের এই উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের চেয়ে কেউ শক্তিশালী নয়। আমাদের নেতা তারেক রহমান ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তা না হলে এসব সামান্য আন্দোলন নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপারই নয়। মনে রাখবেন সরকার চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এক ঘণ্টাও লাগবে না।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জ ৩ আসনের এমপির বাসায় আগুন দেয়া আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।