November 19, 2026, 6:17 am
শিরোনাম :
বাঘাইছড়িতে জলাবদ্ধতায় অনাবাদি কৃষিজমি, শিজক খাল পুনঃখননের দাবি আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত রামুতে পালস বাংলাদেশের উদ্যোগ এক হাজার নারীকে কৃষি উপকরণ বিতরণ জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় ফেসিস্ট এর দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাঘাইছড়িতে জলাবদ্ধতায় অনাবাদি কৃষিজমি, শিজক খাল পুনঃখননের দাবি

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে বিপুল পরিমাণ কৃষিজমি চাষাবাদের বাইরে থাকছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিবছর কৃষকদের এ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা শিজক খাল পুনঃখনন করা হলে প্রায় ৪ হাজার একর জমি পুনরায় চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে। একই সঙ্গে লাইল্যাঘোনা এলাকায় নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিও জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভার ৪, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং বাঘাইছড়ি ইউনিয়নের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার কৃষিজমি প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়। শুকনো মৌসুমে শিজক খাল দিয়ে এসব বিলের পানি কাচালং নদীতে নিষ্কাশিত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিলগুলো থেকে সময়মতো পানি নামতে না পারায় অনেক কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয় কৃষকদের মতে, প্রায় দুই কিলোমিটার শিজক খাল পুনঃখনন করা হলে বিলগুলোর পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। পাশাপাশি লাইল্যাঘোনা এলাকায় নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা গেলে জলাবদ্ধতা ও নদীভাঙনজনিত সমস্যা অনেকটাই কমে আসবে। এতে অনাবাদি জমি পুনরায় চাষাবাদের আওতায় আসার পাশাপাশি কৃষি উৎপাদনও বাড়বে।

স্থানীয় কৃষক মো. ইসমাইল হোসেন বলেন, “আমাদের উগলছড়ি বিলের অনেক জমিতে পানির কারণে ঠিকমতো চাষাবাদ করা যায় না। বছরের দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকে। খালটি খনন করা হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে এবং আমরা সময়মতো জমিতে ফসল ফলাতে পারব। এতে আমাদের মতো হাজারো কৃষক উপকৃত হবেন।”

আরেক কৃষক পুতুল বরণ চাকমা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান চেয়ে আসছি। প্রায় দুই কিলোমিটার খাল খনন করা হলে প্রায় ৪ হাজার একর জমিতে কৃষিকাজের সুযোগ তৈরি হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকার কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত খাল খননের উদ্যোগ নেওয়া হোক।”

এদিকে, জলাবদ্ধতা নিরসনে উগলছড়ি খাল পুনঃখননের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে গত ১২ নভেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. নুরুল হক।

আবেদনে বলা হয়, বাঘাইছড়ি বিল, উগলছড়ি বিল, লাইল্যাঘোনা বিল ও প্রেমলা কার্বারির বিলসহ আশপাশের কয়েকটি বিলে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে বর্ষা মৌসুমে কৃষিজমিতে পানি জমে থাকে। সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় বিপুল পরিমাণ জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। এতে প্রতিবছর কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।

আবেদনকারী মো. নুরুল হক জানান, উগলছড়ি বিল থেকে প্রায় দুই কিলোমিটার খাল খনন করে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা গেলে সংশ্লিষ্ট বিলগুলোর জমে থাকা পানি সহজেই বের হয়ে যাবে। এতে প্রায় ৪ হাজার একর জমি পুনরায় চাষাবাদের উপযোগী হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সচ্ছলতা এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আবেদনে প্রস্তাবিত খাল খনন ও পানি নিষ্কাশন কার্যক্রম বাস্তবায়নে আনুমানিক ১০ লাখ টাকা ব্যয়ের হিসাব উল্লেখ করা হয়েছে। এ জন্য ১০ লাখ টাকা অথবা সমপরিমাণ খাদ্যশস্য বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়।

এরই মধ্যে প্রস্তাবিত খাল খনন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা। গত ১৪ নভেম্বর বিকেলে তিনি এলাকাটি পরিদর্শন করেন। এ সময় খাল খননের প্রয়োজনীয়তা এবং স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার বিষয়টি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে স্থানীয় কৃষকেরা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা জেলা পরিষদের সদস্যের কাছে তুলে ধরেন। তাঁরা জানান, বছরের পর বছর জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। সময়মতো জমি থেকে পানি নামতে না পারায় অনেক জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এতে কৃষিনির্ভর পরিবারগুলো আর্থিক সংকটে পড়ছে।

এ বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা বলেন, “কৃষকদের দীর্ঘদিনের এই সমস্যাটি সরেজমিনে দেখেছি। জলাবদ্ধতার কারণে বিপুল পরিমাণ কৃষিজমি অনাবাদি পড়ে থাকা এবং কৃষকদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিষয়টি জেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হবে।”

অন্যদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুর আলম জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি বিল, লাইল্যাঘোনা বিল ও উগলছড়ি বিল প্লাবিত হয়। পরবর্তী সময়ে শুকনো মৌসুমে শিজক খাল দিয়ে এসব বিলের পানি নদীতে নিষ্কাশিত হয়। তবে চলতি বছর শিজক খাল ভরাট হয়ে যাওয়ায় বিলগুলোর পানি যথাযথভাবে নিষ্কাশিত হতে পারছে না। ফলে প্রায় ২৫০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না, যা কৃষকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, “শিজক খালটি পুনঃখনন করা হলে বিলগুলোর জমে থাকা পানি সহজেই নিষ্কাশিত হবে। এতে দীর্ঘদিন ধরে পানির কারণে অনাবাদি পড়ে থাকা প্রায় ২৫০ হেক্টর জমি পুনরায় চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে এবং কৃষকেরা উপকৃত হবেন।”

স্থানীয় কৃষকদের প্রত্যাশা, তাঁদের দীর্ঘদিনের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ প্রদান এবং শিজক খাল পুনঃখননের উদ্যোগ নেবে। একই সঙ্গে লাইল্যাঘোনা এলাকায় নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এতে জলাবদ্ধতার কারণে অনাবাদি পড়ে থাকা কৃষিজমি পুনরায় উৎপাদনের আওতায় আসবে এবং কৃষিনির্ভর পরিবারগুলোর দুর্ভোগ কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা