November 25, 2026, 1:06 pm
শিরোনাম :
সাজেক সড়কের অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারী ও জনপ্রতিনিধিদের সমাবেশ পানছড়ির নবনিযুক্ত ইউএনওর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ১১ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ৯৯ ঘটনা, ১৩ দফা দাবি দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন

লামায় মাশরুম চাষে সফল অনুপম, কর্মসংস্থান হয়েছে ১২ জনের

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
একসময় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করতেন অনুপম বড়ুয়া। তবে প্রচলিত পেশার বাইরে নিজে কিছু করার আগ্রহ থেকেই শুরু করেন মাশরুম চাষ। সেই উদ্যোগে এখন সফলতার মুখ দেখছেন বান্দরবানের লামা উপজেলার ৪৫ বছর বয়সী এই উদ্যোক্তা। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁর খামারে কর্মসংস্থান হয়েছে স্থানীয় ১২ জনের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, লামা সদর ইউনিয়নে গড়ে তোলা অনুপম বড়ুয়ার মাশরুম খামারে চলছে উৎপাদন ও বিপণনের কার্যক্রম। বিএসএস ডিগ্রিধারী অনুপমের মাশরুম চাষের যাত্রা শুরু ২০০১ সালে। সে সময় চকবাজারের বিজ্ঞান বার্তা ভবন থেকে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে এ চাষ শুরু করেন তিনি। পরবর্তী সময়ে দক্ষতা বাড়াতে সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ১৩তম ব্যাচে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। শুরুতে পরিবারের কাছ থেকে তেমন সহযোগিতা না পেলেও আগ্রহ ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যান তিনি।

প্রায় এক বছর আগে দুই লাখ টাকা পুঁজি নিয়ে লামায় একটি শেড নির্মাণ করে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করেন অনুপম। এ কাজে উপজেলা কৃষি অফিস থেকেও ঘর নির্মাণের জন্য প্রাথমিক প্রণোদনা পান তিনি।

বর্তমানে তাঁর খামারে রয়েছে এক হাজারটি মাশরুমের স্পন বা বীজের প্যাকেট। খামারটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা। এখানে ওয়েস্টার জাতের পাশাপাশি ডব্লিউএস (WS), এসও (SO), ওবি (OB), এইচকে (HK) ও পিওপি (POP) জাতের মাশরুম চাষ হচ্ছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ কেজি তাজা মাশরুম উৎপাদিত হচ্ছে। প্রতি কেজি কাঁচা মাশরুম ৩৫০ টাকা দরে স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করছেন তিনি।

অনুপম বড়ুয়া জানান, শুরুর দিকে স্থানীয় অনেকেই মাশরুমকে পাহাড়ের প্রচলিত ‘ব্যাঙের ছাতা’ মনে করে গুরুত্ব দিতেন না। তবে সময়ের সঙ্গে মানুষের সেই ধারণা বদলেছে। মাশরুমের পুষ্টিগুণ ও ঔষধি গুণাগুণ সম্পর্কে সচেতনতা বাড়ায় বাজারেও এর চাহিদা তৈরি হয়েছে।

নিজের খামারের পরিধি বাড়ানোর পাশাপাশি পুরো উপজেলায় মাশরুম চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন অনুপম। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এলাকার ৩০ জন নতুন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে মাশরুমের বীজ সরবরাহ করা হয়েছে।

তবে এ খাতের সম্প্রসারণে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে নিজস্ব ল্যাব বা বীজ উৎপাদন কেন্দ্রের অভাবের কথা উল্লেখ করেন তিনি। অনুপমের মতে, নিজস্ব ল্যাব স্থাপন করা সম্ভব হলে মানসম্মত বীজের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উপজেলাজুড়ে মাশরুম চাষ সম্প্রসারণ করা সহজ হবে।

সংশ্লিষ্টদের মতে, লামার আবহাওয়া ও পরিবেশ মাশরুম চাষের জন্য উপযোগী। প্রচলিত তামাক ও জুম চাষের পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে মাশরুম চাষ স্থানীয় অর্থনীতিতে সম্ভাবনা তৈরি করতে পারে।

এ বিষয়ে লামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহজাহান আলী বলেন, পাহাড়ি অঞ্চলে তামাক ও জুম চাষের বিকল্প হিসেবে মাশরুম চাষ লাভজনক একটি ফসল হতে পারে। এ খাতের সম্প্রসারণে উদ্যোগ নেওয়া গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা