
লামা প্রতিনিধি।।
পার্বত্য বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা এলাকায় হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) থেকে এ ক্যাম্পের মাধ্যমে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চিকিৎসা সেবা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের নিয়ে এক জরুরি সমন্বয় সভায় অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফ। সভায় বান্দরবান সিভিল সার্জন ডা. মো. শাহীন চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. ইশতিয়াক এবং স্থানীয় সাবেক জনপ্রতিনিধি আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কুরুকপাতা ইউনিয়নে রোগটির সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন একটি বিশেষ মেডিকেল টিম দুর্গম এলাকায় অবস্থান করে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডা. শেখ ফজলে রাব্বি আরও জানান, এখন পর্যন্ত ৭১ জন শিশু আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে এবং বর্তমানে ২৭ জন ভর্তি রয়েছে।
সভা শেষে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হাসানের নেতৃত্বে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের একটি দল কুরুকপাতা এলাকার উদ্দেশে রওনা দেয়। তারা সেখানে অস্থায়ী ক্যাম্পে থেকে আক্রান্তদের চিকিৎসা ও টিকাদান কার্যক্রম তদারকি করবেন।
সিভিল সার্জন জানান, নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বিশেষ এই ক্যাম্পের মাধ্যমে দুর্গম এলাকার সব শিশুদের টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা সীমিত থাকায় হাম-রুবেলা সংক্রমণ ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসা সহায়তা দেওয়া হবে।