
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বুধবার (১ জুলাই) দুপুরে লামা উপজেলার উদ্দেশে রওনা দেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৭ বছরে মামলা-হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনেন এবং পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৭৫ জন অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নুরুল আলম কোম্পানি বলেন, এ সহায়তা উপকারভোগীদের জরুরি প্রয়োজন পূরণ ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
এরপর পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন এমপি জেরী। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনসেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।
দিনব্যাপী কর্মসূচি শেষে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে লামা উপজেলার উদ্দেশে রওনা দেন।