
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার ৬ দিন পর অবশেষে ভেসে উঠেছে রাঙ্গামাটি আকর্ষণীয় ঝুলন্ত সেতুর পাটাতন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে হ্রদের পানি কমতে থাকায় সেতুর ডুবো অংশগুলো পুনরায় দৃশ্যমান হতে শুরু করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার (২৯ আগস্ট) উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে হ্রদের পানি বিপদসীমা ছুঁইছুঁই করলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ এবং টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়ার কারণে হ্রদের পানির স্তর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং এরই ধারাবাহিকতায় শুক্রবার সেতুটি জেগে ওঠে।
রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পানি কমতে শুরু করায় সেতুর পাটাতন এখন দৃশ্যমান। তবে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সেতুর কাঠামোগত নিরাপত্তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ সম্পন্ন করে দ্রুতই সেতুটি পর্যটকদের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।