
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মো. সৈয়দ আমিনুল হক (৫৩) নামে ৩৭ আনসার ব্যাটালিয়নের (মারিশ্যা) এক ল্যান্স নায়েকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকায় প্রস্তাবিত ব্যাটালিয়ন সদর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
মৃত সৈয়দ আমিনুল হকের রেজিস্ট্রি নম্বর ৩৩৩১০। তাঁর স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের দৌলতপুর থানার রৌহা গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৩৭ আনসার ব্যাটালিয়ন সূত্র জানায়, ল্যান্স নায়েক সৈয়দ আমিনুল হক মডেল টাউন ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। রাত ২টা থেকে তাঁর দায়িত্ব শুরু হওয়ার কথা ছিল। এ সময় আগের পালায় দায়িত্বে থাকা সদস্য তাঁকে ডাকতে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি সহকর্মীদের জানান। পরে তাঁকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আনুমানিক ২০ থেকে ২৫ মিনিট আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।
সহকর্মীরা জানান, সৈয়দ আমিনুল হক আগে থেকেই হৃদ্রোগে ভুগছিলেন। এর আগে তিনি দুইবার অসুস্থও হয়েছিলেন।
রোববার সকাল ১০টায় ৩৭ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে মানিকগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।