
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চের দীঘিনালা উপজেলা দলের সদস্যরা। বর্তমানে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীর চিকিৎসা চলছে।
শনিবার (৩ অক্টোবর) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। তখন তিনি এতটাই অসুস্থ ছিলেন যে, নিজে উঠে বসার মতো শক্তিও তার ছিল না। পরে তাকে দ্রুত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা দূর্জয় বড়ুয়া এবং উপদলনেতা-২ তরিকুল ইসলাম ফাহিম। তাদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন সংগঠনের সদস্য সুমা, স্বর্ণা ও সানজিদা আক্তার।
এ সময় মানবিক এই উদ্যোগে পাশে দাঁড়ান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি ওই নারীকে হাসপাতালে নেওয়ার পরও পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
যুব রেড ক্রিসেন্টের সদস্যরা জানান, রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা ওই নারীকে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেন। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। প্রয়োজন হলে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার ব্যবস্থাও করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা পেয়েছে।