
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ৭২ হাজার ২১৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার, ৮১ বস্তা সিমেন্ট ও ১৯৮ দশমিক ২৫ ঘনফুট কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার হাটুভাঙ্গা টিলা, তুলাতলী, তিনছড়ি ও বাকখালী নদীসংলগ্ন ব্রিজ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, জব্দ করা মালামাল মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে।
১১ বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালানবিরোধী নিয়মিত টহলের অংশ হিসেবে পরিচালিত এসব অভিযানে ৬৫০ কেজি সার, ডায়মন্ড সিমেন্টের ৮১ বস্তা এবং ১৯৮ দশমিক ২৫ ঘনফুট কাঠ জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে রয়েছে ১০০ কেজি ইউরিয়া, ৩৫০ কেজি টিএসপি, ১৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি পটাস। কাঠের মধ্যে ১৭৭ দশমিক ৭৭ ঘনফুট লালি গোল কাঠ এবং ২০ দশমিক ৪৮ ঘনফুট আকাশমনি কাঠ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সার, জ্বালানি তেল, ভোজ্যতেল ও সিমেন্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ পাচার রোধ এবং বনজ সম্পদ সংরক্ষণে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।