
মো. জয়নাল আবেদীন আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে তিন শতাধিক স্থানীয় বাসিন্দা চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) আলীকদম জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মুরং সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নেন।

আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে সামরিক মেডিকেল টিম ক্যাম্পে আগতদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, কুরুকপাতা ইউনিয়নের প্রত্যন্ত এলাকাগুলোর সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা সীমিত হওয়ায় নিয়মিত চিকিৎসাসেবা নিতে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে সময় ও অর্থ দুটিই ব্যয় হয়। এ কারণে স্থানীয় পর্যায়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন তাদের জন্য উপকারী হয়েছে বলে জানান তারা।
আলীকদম জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।