
ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ইউনিটি কেয়ার হোমস পিএলসি’। ৪৫ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নতমানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দেওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের আগে ফিতা কাটা, কেক কাটা ও স্বাক্ষর প্রদানের মাধ্যমে হাসপাতালটির উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদরুরামুুঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুস শুক্কুর, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল মোরছালীন ও উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজান। এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, হাসপাতালের শেয়ারহোল্ডার ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ অতিথিরা হাসপাতালের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।
উদ্যোক্তাদের আশা, আধুনিক চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালটি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে।