
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২ অক্টোবর (শুক্রবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ জিয়া উদ্দিন এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও যথাযথ নিয়মে ফসল সংরক্ষণ এবং সঠিক উপায়ে বাজারজাতকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দেশের সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আনতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। একই সাথে কৃষকদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও যাতে কোন অনাবাদি জমি পড়ে না থাকে সেজন্য কৃষি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়।