
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের চারাবটতল এলাকার বাসিন্দা ও ‘তৈয়্যবিয়া তাহারিয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. সাকিব বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষ থেকে ‘লাল পেইন্টার পাসপোর্ট’ ও সনদপত্র অর্জন করেছেন।
বার্জার ট্রেনিং ইনস্টিটিউট, চট্টগ্রামের অধীনে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন, লেভেল-২ (RPL Assessment)’ সফলভাবে সম্পন্ন করায় সম্প্রতি তাকে এ স্বীকৃতি দেওয়া হয়। গত ২৮ জুলাই বার্জার পেইন্টসের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মুহাম্মদ হোসাইন এবং টেকনিশিয়ান মো. নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে তার হাতে ‘লাল পেইন্টার পাসপোর্ট’ ও সনদপত্র তুলে দেন।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেশাগত দক্ষতা, কাজের মান এবং নির্ধারিত মূল্যায়নে উত্তীর্ণ নির্বাচিত পেইন্টারদের প্রদান করা হয়। এটি বার্জার পেইন্টসের দক্ষ কারিগরদের জন্য একটি বিশেষ স্বীকৃতি।
সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. সাকিব মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার কাজের মূল্যায়ন করে এ স্বীকৃতি দেওয়ায় বার্জার পেইন্টস কর্তৃপক্ষের প্রতিও ধন্যবাদ জানান।
এদিকে, রাঙ্গুনিয়ার এ অর্জনে স্থানীয় বাসিন্দা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।