
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া ২৫০ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
রোববার (১২ জুলাই) জোনের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা, ওয়াচু, গকুলপাড়া ও দয়ালকুমার পাড়ার ৫০টি পরিবার এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যাদুর্গত ২০০টি পরিবারসহ মোট ২৫০ পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি। এ সময় ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল জলিলসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয়রা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। জোন কর্তৃপক্ষ জানায়, দুর্যোগসহ বিভিন্ন সংকটে সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।