
কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রবিবার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“তারুণ্যের আশা-আশঙ্কা বাস্তবায়ন করি, আজকের সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। তিনি বলেন, দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ জনগণের স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে। আগামী দিনে কাপ্তাই উপজেলাকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী দেলোয়ার হোসেন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাইয়ের প্রশিক্ষণ কর্মকর্তা চয়ন বড়ুয়া এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত।
বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) থুইক্রাচিং মারমা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ফজলুল করিম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নিশা চাকমা, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার নাজমা আক্তার।
এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র হিসেবে চিৎমরম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি) হিসেবে খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা নির্বাচিত হয়। পুরস্কার গ্রহণ করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।