
বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সাবেক সভাপতি হারুনুর রশিদ এবং কাঠ ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী, জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, কমিটির সদস্য সচিব ইমদাদুল হক বাহাদুরসহ জেলা সদর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, মানবতা ও ন্যায়বিচারের বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।
বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।