
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে (নাতনি) ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল হাকিম (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শনিবার (২৫ জুলাই) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা এলাকায় নিজ নাতনিকে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত আব্দুল হাকিম। ঘটনাটি জানাজানি হলে এলাকজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।