
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ এবং স্থানীয় জনগণের সুবিধার্থে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, ২টি ফুটবল ও ১ সেট গোলপোস্টের নেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের রাতে আলোর সুবিধা নিশ্চিত করতে নাক্রাইপাড়া এলাকায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়।
সেনাবাহিনীর এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পায়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।