
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁওয়ে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশনে অবৈধভাবে বাস পার্কিংয়ের দায়ে ঈদগাঁও লাইন নামের একটি বাসের চালক মো. সেলিমকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় রিদুয়ান পারভেজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং ছোটন মিয়া ও প্রিতম পালকে ১০ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট আইন অনুযায়ী আরোপিত মোট ৪০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে আনসার সদস্য ও ঈদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।