
কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কারখানা থেকে তৈরি মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ ও সুবেদার মোহাম্মদ ইব্রাহিম। এসম সেখান থেকে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি ৩টি বোয়াম এবং ৩০ লিটার তৈরি মদ জব্দ করা হয়।
এছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির জন্য সংরক্ষণ করা কাঁচামালও জব্দ করা হয়েছে। জব্দ করা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম পুলিশ কর্তৃক ধ্বংস এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস নোটে জানানো হয়েছে।